About this site
বৈঠক এমন একটি প্ল্যাটফর্ম, যেটি সকল রাজনৈতিক দল ও মতাদর্শের ঊর্ধ্বে থেকে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়। বৈঠক মনে করে যে সুস্থ সমাজ গড়ে ওঠে মুক্তচিন্তা, যুক্তিনির্ভর বিবেচনাবোধ ও দায়িত্বশীল মত প্রকাশের সম্মিলনে। বৈঠক এমন একটি পরিসর তৈরি করতে চায় যেখানে সমকালীন সামাজিক ও জাতীয় ঘটনাবলী নিয়ে নির্ভয়ে শুধু কথা বলাই নয়, বরং প্রশ্নও তোলা যাবে। সর্বপরি, নাগরিকদের মাঝের নতুন ভাবনার বিকাশে বৈঠক নানাবিধ সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক তৎপরতা চালাতে অঙ্গীকারবদ্ধ থাকবে।
বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় যে প্রতিটি বড় আন্দোলন ও সংগ্রামে সামনের সারিতে ছিল প্রতিবাদী তরুণদের সাহসী কণ্ঠস্বর ও রক্তাক্ত আত্মত্যাগ। কিন্তু নীতিনির্ধারণী বৈঠকে সেই কণ্ঠস্বর ছিলো প্রায় অনুপস্থিত। এই বিদ্যমান সংকট নিরসনে বৈঠক এমন একটি জনপরিসর গড়ে তুলতে চায় যেখানে জিজ্ঞাসু তরুণদের ম্লান কণ্ঠস্বরকে বলিষ্ঠ করাই হবে সমাজের সামগ্রিক পরিবর্তনের ভিত্তি।
উল্লেখিত উদ্দেশ্য পূরণে বৈঠকের প্রধানতম কাজ হবে সাহিত্যচর্চা ও মুক্ত সংলাপকে আকর্ষণীয় ঢঙে, যুগোপযোগী মাধ্যমে প্রচার করা। এই কর্মপদ্ধতির মাধ্যমে চিন্তা, মত ও অভিজ্ঞতার এক জীবন্ত ধারাবাহিকতা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ বৈঠক। বৈঠক মনে করে যে ঘটমান বর্তমানের শুধু দর্শক হওয়াটা তরুণ প্রজন্মের জন্য সমীচীন নয়, বরং স্বীয় ভাবনার নির্মাতা এবং আগামী বাংলাদেশের সক্রিয় অংশীদার হওয়াই তরুণদের আকাঙ্ক্ষিত গন্তব্য হওয়া উচিত।